ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন | Daily AjKaler Kontho

ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে মাদকবিরোধী উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় মানুষের মতামত ও সম্মতির ভিত্তিতে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে ৩০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে দক্ষিণ দেবীপুর বটতলা যুব সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক খন্দকার মো. রুহুল আমিন মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান জব্বার মন্ডল, নারী ইউপি সদস্য মুর্শিদা বেগম, সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, ব্যবসায়ী মেহেদুল মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গঠিত ৩০ সদস্যবিশিষ্ট কমিটিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীকে সভাপতি এবং সিংড়া ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাহফুজার রহমান মাহফুজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

আজকালের কন্ঠ/আর বি