শ্রমিকদের দাবির আড়ালে শিল্পে নাশকতার চেষ্টা চলছে: তারেক রহমান | Daily AjKaler Kontho

শ্রমিকদের দাবির আড়ালে শিল্পে নাশকতার চেষ্টা চলছে: তারেক রহমান


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
শ্রমিকদের দাবির আড়ালে শিল্পে নাশকতার চেষ্টা চলছে: তারেক রহমান

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে শ্রমিকদের দাবির আড়ালে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, বিভিন্ন গার্মেন্টস কারখানায় ভাঙচুর, যন্ত্রপাতি নষ্ট, শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত গার্মেন্টস শিল্প সরকার কোনোভাবেই ধ্বংস হতে দেবে না। এ শিল্পে লাখ লাখ শ্রমিক, নারী ও পুরুষের কর্মসংস্থান হয়েছে। শ্রমজীবী মানুষ কখনো নিজেদের কর্মস্থল ও শিল্পকারখানার ক্ষতি করতে পারেন না। শ্রমিকদের দাবির আড়ালে যারা যন্ত্রপাতি ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।

শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবির বিষয়ে তারেক রহমান বলেন, সরকার শ্রমিকদের দাবির বিষয়টি অবগত রয়েছে। এসব দাবি বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মহল গত ১৫-১৬ বছরেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি নেতা জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি