আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সার নিতে গিয়ে সাংবাদিককে মারধর | Daily AjKaler Kontho

আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সার নিতে গিয়ে সাংবাদিককে মারধর


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সার নিতে গিয়ে সাংবাদিককে মারধর

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালীতে সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সবুজ নগর পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকদের বরাদ্দকৃত জমির জন্য সার নিতে মেসার্স রেজা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রেজাউল করিমের গোডাউনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়ান কৃষকরা। একপর্যায়ে সার শেষ হয়ে গেছে বলে জানানো হলে উপস্থিত কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সার বিতরণ নিয়ে হট্টগোল শুরু হলে সংবাদ সংগ্রহের জন্য এগিয়ে যান সাংবাদিক রাশেদুজ্জামান। অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে জামায়াতের কয়েকজন নেতাকর্মী তাঁর ওপর হামলা চালান। এতে তিনি মারধরের শিকার হন। পরে কোনোভাবে সেখান থেকে প্রাণে রক্ষা পান তিনি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, গোডাউনে পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও সকালে সার বিতরণের কিছুক্ষণ পরই সার শেষ হয়ে যাওয়ার কথা জানানো হয়। তাঁদের দাবি, গোডাউনে জায়গার সংকট দেখিয়ে কিছু সার অন্যত্র রাখা হয়েছিল। সকালে গোডাউন খোলার পর সেখানে আগের তুলনায় প্রায় অর্ধেক সার কম দেখা যায় বলে অভিযোগ করেন তাঁরা। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কৃষকদের দাবির মুখে সার বিতরণ করা হয়।
সার বিতরণে অনিয়ম ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আজকালের কন্ঠ/আর বি