
লক্ষ্মীরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে বাজারের উত্তর পাশে এ অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় একজন আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি জায়গায় নির্মিত পাকা ও আধাপাকা দোকানঘর উচ্ছেদ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা দখল করে সেখানে বিভিন্ন দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন দখলদাররা। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সরকারি সম্পত্তি উদ্ধার ও জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা হলে এক ব্যক্তি আহত হন। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে ইউএনও মো. রাহাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সরকারি জায়গায় যেখানে অবৈধ দখল রয়েছে, সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। জোর করে কেউ সরকারি সম্পত্তি দখল করে রাখতে পারবে না। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।
অভিযানে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মো. আব্দুর রহিমসহ পাউবোর কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এ অভিযানের পর স্থানীয় সচেতন মহল সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখার উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, শুধু তোরাবগঞ্জ বাজার নয়, উপজেলার অন্যান্য এলাকায়ও সরকারি জমি দখলের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :