দেশবিরোধী চক্রান্ত রুখতে রাজপথে থাকবে জাতীয়তাবাদী শক্তি: দুলু | Daily AjKaler Kontho

দেশবিরোধী চক্রান্ত রুখতে রাজপথে থাকবে জাতীয়তাবাদী শক্তি: দুলু


নাটোর প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
দেশবিরোধী চক্রান্ত রুখতে রাজপথে থাকবে জাতীয়তাবাদী শক্তি: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ১৭ বছর শাসনের নামে বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে কোনো বাড়াবাড়ি করলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

বিরোধী দলের উদ্দেশে দুলু বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। বিএনপি সরকার পাঁচ বছর দেশ পরিচালনা করবে। পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সরকার ভালো করলে জনগণ বিএনপিকে আবারও ভোট দেবে, আর খারাপ করলে অন্য দলকে বেছে নেবে। অযথা আন্দোলন-সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দেওয়া উচিত নয়।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি তরিকুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন এবং সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ অন্য নেতারা।

দুলু আরও বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা ও নীরবতাকে পলাতক শেখ হাসিনা এবং তাঁর দলের নেতাকর্মীরা দুর্বলতা মনে করছেন। তাঁরা দেশে ফিরে আসার কথা বলে ভীতি সৃষ্টির চেষ্টা করছেন। তবে দেশের মানুষ তাঁদের ভয় পায় না।