ঘোড়াঘাটের চার ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ হোসেন | Daily AjKaler Kontho

ঘোড়াঘাটের চার ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ হোসেন


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৬, ১:২৩ অপরাহ্ন
ঘোড়াঘাটের চার ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ হোসেন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চারটি ইউনিয়নে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত সহজ করতে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ঘোড়াঘাট, পালশা, সিংড়া ও বুলাকীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করা সড়কগুলোর মধ্যে রয়েছে ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী-হাটপাড়া সড়ক এবং বানিয়াল পাকা রাস্তা এ ছাড়া ২ নম্বর পালশা ইউনিয়নের পালশা ভিলেজ সড়ক, ৩ নম্বর সিংড়া ইউনিয়নের চানপাড়া বাজার হয়ে ভর্ণীপাড়া বাজার পর্যন্ত সড়ক এবং ভর্ণাপাড়া উচ্চবিদ্যালয় থেকে সাতপাড়া হয়ে গোবিন্দপুর পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। অন্যদিকে, ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার থেকে কৈপাড়া হিন্দুপাড়া পর্যন্ত সড়ক উন্নয়নকাজও উদ্বোধন করা হয়েছে।

স্থানীয়ভাবে এসব সড়ক উন্নয়নকাজ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার ক্ষেত্রেও সড়কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম লাবল্লু, ঘোড়াঘাট পৌরসভার মেয়র মো. আব্দুল সাত্তার মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান।

এ সময় ঘোড়াঘাট থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।