
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামে স্ত্রীকে অচেতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মনজুর হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, রাতে ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।পরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।অভিযুক্ত মনজুর হোসেন অপু ফয়লা গ্রামের মৃত পল্লী চিকিৎসক আজিজুলের ছেলে। স্থানীয়ভাবে তার বাবা হ্যারিকেন ডাক্তার নামে পরিচিত ছিলেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন,মনজুর হোসেন অপু নামে একজনকে ফয়লা গ্রাম থেকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তবে কী কারণে এবং কীভাবে ওই নারী অচেতন হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশি তদন্তের পর জানা যাবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :