বোদায় রাতের আঁধারে প্রাচীর তুলে ২০ দোকানের রাস্তা বন্ধ, বিপাকে ২০০ মানুষ | Daily AjKaler Kontho

বোদায় রাতের আঁধারে প্রাচীর তুলে ২০ দোকানের রাস্তা বন্ধ, বিপাকে ২০০ মানুষ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
বোদায় রাতের আঁধারে প্রাচীর তুলে ২০ দোকানের রাস্তা বন্ধ, বিপাকে ২০০ মানুষ

পঞ্চগড়ের বোদা উপজেলার নিউ মার্কেটের ২০টি দোকানের একমাত্র চলাচলের রাস্তাটি রাতের অন্ধকারে ইটের প্রাচীর তুলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে দোকানদার ও কর্মচারীরা চরম বিপাকে পড়েছেন। দোকানগুলোর ওপর নির্ভরশীল মালিক ও কর্মচারী পরিবারের প্রায় ২০০ জন সদস্য বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে বাজার কমিটি ও ভুক্তভোগী ব্যবসায়ীরা প্রশাসনের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় ভুক্তভোগী ও দোকানদারদের সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আতিকুর রহমান রাজু ও তার দলবল পারিবারিক জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটায়। তারা রাতের অন্ধকারে অপর মালিকপক্ষের দোকানের একমাত্র সাধারণ যাতায়াতের রাস্তাটিতে ইটের প্রাচীর তুলে দেয়। এতে করে দোকানগুলোর ভেতরে ঢোকার ও বের হওয়ার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী দোকানদার মাসুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তাটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দোকানগুলোর স্বাভাবিক বেচাকেনা পুরোপুরি বন্ধ রয়েছে। দোকানের ভেতরে থাকা লাখ লাখ টাকার মূল্যবান পণ্যসামগ্রী ও মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এই ২০টি দোকানের প্রতিটিতে ৪-৫ জন করে কর্মচারী কাজ করেন। গত কয়েকদিন ধরে দোকান বন্ধ থাকায় ব্যবসায়ী ও কর্মচারীদের পরিবারের দৈনন্দিন সংসার খরচ চালানো এবং ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”

ব্যবসায়ীরা জানান, একটি পক্ষ তাদের ব্যক্তিগত বা পারিবারিক বিরোধের জেরে এভাবে প্রকাশ্য বাজারের রাস্তা বন্ধ করে দিতে পারে না। এর ফলে শুধু ব্যবসায়িক ক্ষতিই হচ্ছে না, বরং বিশাল একটি জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে। বাজার কমিটি ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই প্রাচীর অপসারণ করে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের জরুরি ও নিরপেক্ষ হস্তক্ষেপ দাবি করেছেন।

আজকালের কন্ঠ/আর বি