
সবুজের সমারোহে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও টেকসই আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংক পিএলসি-এর সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় পিরোজপুরে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পিরোজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পৃথক কর্মসূচির মাধ্যমে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক জনাব আলমগীর হোসেন এবং পূবালী ব্যাংক পিএলসি-এর আঞ্চলিক কার্যালয়, বরিশালের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রবিউল ইসলাম।এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাস (কদমতলা), পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার এবং পূবালী ব্যাংক পিএলসি-এর উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
বিকেল ৪টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আরেকটি পর্ব অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ এবং পূবালী ব্যাংক পিএলসি-এর উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মুহাম্মদ মোশাহিদুল্লাহ,শাখা ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখা, মৃণাল কান্তি দাস।
এদিকে একই দিন বিকেল ৩টায় পিরোজপুর জেলা সদরের সিও অফিস মোড়ে পূবালী ব্যাংক পিএলসি-এর ইলেকট্রনিক ব্যাংকিং বুথ (ডিজিটাল ব্যাংকিং বুথ) উদ্বোধন করা হয়। এর মাধ্যমে পিরোজপুরের গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ জনগণের জন্য আধুনিক, দ্রুত, নিরাপদ ও সহজতর ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি-এর আঞ্চলিক কার্যালয়, বরিশালের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন অনুষ্ঠানে পিরোজপুর চেম্বার অব কমার্স-এর সম্মানিত সভাপতি ও পরিচালকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ পিরোজপুরে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পিরোজপুরের অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজে পৌঁছে দেবে।
দিনব্যাপী এসব কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে সহযোগিতা করে পূবালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখা। অনুষ্ঠান শেষে উক্ত শাখার ব্যবস্থাপক, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে অবদান রাখার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং বুথ চালুর মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :