
ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। পরিদর্শন শেষে তিনি সেখানে ২০০টি নারিকেল চারা রোপণ করেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে ও ঝালকাঠি পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগে পাঁচ বছরে এক লাখ নারিকেল চারা রোপণের পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার ধানসিঁড়ি ইকো ভিলেজের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরে নারিকেল চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বলেন, পরিকল্পিতভাবে নারিকেল চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবিষ্যতে নারিকেল উৎপাদন বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, ঝালকাঠি শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ধানসিঁড়ি ইকো ভিলেজে শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের জন্য একটি সুন্দর ও মনোরম পরিবেশ তৈরির লক্ষ্য রয়েছে।
কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নারিকেল উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পাঁচ বছরে এক লাখ নারিকেল চারা রোপণের পরিকল্পনার অংশ হিসেবে ধানসিঁড়ি ইকো ভিলেজে ২০০টি চারা রোপণ করা হলো।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :