মাদারীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু বিচারের দাবি | Daily AjKaler Kontho

মাদারীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু বিচারের দাবি


এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
মাদারীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু বিচারের দাবি

মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম-সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মাহবুবুর রহমান বোরহান। তিনি এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ডিসির ব্রিজসংলগ্ন নিজ মালিকানাধীন জমিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বোরহান দাবি করেন, এসএ, আরএস ও বিআরএস খতিয়ান এবং দাগ অনুযায়ী তিনি ওই জমির বৈধ মালিক। বিদ্যালয়ের কোনো জমি তিনি দখল করেননি বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ভৌগোলিক সীমানা অনুযায়ী তাঁর জমির পাশে প্রথমে শফিক খানের জমি এবং এরপর বিদ্যালয়ের জমি রয়েছে। মাঝখানে অন্য ব্যক্তির জমি থাকার পরও বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ কীভাবে উঠেছে, তা তাঁর বোধগম্য নয়।

মাহবুবুর রহমান বোরহান আরও অভিযোগ করেন, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য ও অপপ্রচার চালিয়েছেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করিয়েছেন। তিনি দাবি করেন, কামরুন নাহার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খানের স্ত্রী হওয়ায় ব্যক্তিগত ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন।

এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে মাহবুবুর রহমান বোরহান বলেন, তাঁর বিরুদ্ধে করা অপপ্রচার বন্ধ করে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশ করা হোক। একই সঙ্গে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাঁর বিরুদ্ধে দেওয়া অসত্য বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে বুধবার সকালে মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের লিজ নেওয়া জমি অবৈধভাবে দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ তুলে মাহবুবুর রহমান বোরহানের বিরুদ্ধে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান বোরহান মিয়া, তাঁর স্ত্রী মাদারীপুর ডিসি একাডেমির প্রধান শিক্ষক মাহফুজা বেগম বিউটিফুল, ছেলে রাকিব মাহবুব রাতুল, ছেলের স্ত্রী সর্নিকা জাহান মিমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি