পাচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

পাচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক মতবিনিময় সভা


মোঃখান ই আজম, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
পাচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক মতবিনিময় সভা

মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে নাগরিকদের করণীয় ও বর্জনীয় বিষয়ে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

এ সময় ওসি কামাল হোসেন বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজের জন্য মারাত্মক ব্যাধি। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে উঠলেই দেশ ও জাতি এগিয়ে যাবে।

তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হওয়া এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি