খানসামায় ৯০০ বস্তা সার জব্দ, নিয়মিত মামলা দায়েরের নির্দেশ | Daily AjKaler Kontho

খানসামায় ৯০০ বস্তা সার জব্দ, নিয়মিত মামলা দায়েরের নির্দেশ


রব্বানী, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
খানসামায় ৯০০ বস্তা সার জব্দ, নিয়মিত মামলা দায়েরের নির্দেশ

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে অবৈধভাবে মজুত করা প্রায় ৯০০ বস্তা সার জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাকেরহাট বাজারের ‘রনি ট্রেডার্স’ নামক একটি গোডাউনে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় গোডাউনের মালিক মো. মোজাহারুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

​অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ে পাকেরহাট বাজারের রনি ট্রেডার্সের গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে গোডাউন তল্লাশি করে ৬৬০ বস্তা এমওপি (পটাশ), ২৬০ বস্তা ডিএপি এবং অন্যান্য সার অবৈধভাবে মজুত করার প্রমাণ পাওয়া যায়।

​অভিযানের সময় গোডাউনের মালিক মোজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন না। পরে পরিস্থিতি পর্যালোচনা করে ঘটনাস্থলে থাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ারুল ইসলাম অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।

​এ বিষয়ে খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, খানসামা উপজেলায় কেউ অবৈধভাবে সার মজুদ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এছাড়া খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট তৈরিকারকদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি