এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন | Daily AjKaler Kontho

এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন


সিলেট প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এ বছর বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১২ হাজার ৭৯৮ জন।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন। অর্থাৎ, এবারও পরীক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ ছিল ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

চার জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সিলেট জেলায়। এ জেলায় মোট ৩৫ হাজার ৩৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন। জেলার ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৯৪টি।

মৌলভীবাজার জেলায় পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৯১৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ১২ হাজার ২৮২ জন। জেলার ১৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

সুনামগঞ্জ জেলায় পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৩৮৩ জন। তাঁদের মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৫ জন এবং ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন। জেলার ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৪৫টি।

অন্যদিকে, হবিগঞ্জ জেলায় পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৩১ জন। জেলার ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

সিলেট শিক্ষা বোর্ডের এবারের ফলাফলে পাসের হার ৫৮.৩৩ শতাংশ হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ফলাফল নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষ করে জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ৮৩৬ শিক্ষার্থী তাদের সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন।

আজকালের কন্ঠ/আর বি