মুরাদনগরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত | Daily AjKaler Kontho

মুরাদনগরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৭:১১ অপরাহ্ন
মুরাদনগরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা, ঋণ বিতরণ, বৃক্ষের চারা বিতরণ এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জসীম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোশাররফ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তার মিনা, কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে ২২ জন সমবায় সদস্যের মধ্যে মোট ১১ লাখ ৫৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শতাধিক মানুষের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী, সেরা সমবায় সদস্য এবং সেরা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি