প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই | Daily AjKaler Kontho

প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ২:০৭ অপরাহ্ন
প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর রংপুর বিভাগীয় পর্যায়ে লোক সংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম উলিপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী নিজশ্রী সরকার পৃথিরাই।

নিজশ্রী সরকার পৃথিরাই উলিপুর উপজেলার আঠার পাইকা জয়কারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সে অগ্রণী ব্যাংক পিএলসি, উলিপুর শাখার প্রিন্সিপাল অফিসার প্রদীপ কুমার সরকার এবং গৃহিণী অনন্যা বর্মা লিখির একমাত্র কন্যা।

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার গভীর অনুরাগ। গত এক বছর ধরে সে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রামে ভাওয়াইয়া সংগীতে নিয়মিত তালিম গ্রহণ করছে। ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা তাঁর একমাত্র নাতনী নিজশ্রী সরকার পৃথিরাইকে নিষ্ঠার সঙ্গে ভাওয়াইয়া সংগীতে প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনি নাতনীকে ভাওয়াইয়া গানের একজন যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিজশ্রী সরকার পৃথিরাই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে লোকসংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে। পরবর্তীতে ৯ জুন রংপুরে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করে সে নতুন গৌরবের স্বাক্ষর রাখে।

তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রশিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। রংপুর বিভাগে প্রথম স্থান অর্জনের মাধ্যমে নিজশ্রী সরকার পৃথিরাই এখন জাতীয় পর্যায়ের লোকসংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।