
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে খাদেমুল নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত খাদেমুল হাতীবান্ধার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে সীমান্ত সংলগ্ন এলাকায় এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় খাদেমুলের মৃত্যু হয়।
সীমান্ত সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন মেইন পিলার নম্বর ৯০৫/৬ এস এর কাছাকাছি ভারতের অভ্যন্তরে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল গুলি বর্ষণ করে। বিএসএফের ছোড়া গুলি খাদেমুলের মুখমণ্ডল, বুক ও মাথায় বিদ্ধ হয়।
এতে গুরুতর আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় খাদেমুল মারা যান।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, সীমান্তে ফায়ারিং ও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :