দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার | Daily AjKaler Kontho

দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার


মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দিনাজপুরের খানসামায় দায়ের হওয়া এক কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী খানসামা মহিলা ডিগ্রী কলেজ-এর একাদশ শ্রেণির ছাত্রী। গ্রেফতারকৃত আসামি শাহিনুর ইসলাম শাহিন (২৭) স্থানীয়ভাবে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন এবং ওই ছাত্রী সেখানে প্রাইভেট পড়তেন।

এজাহার সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ানোর সময় আসামি ভুক্তভোগীকে প্রেম ও বিয়ের প্রলোভন দেখাতেন। অভিযোগ অনুযায়ী, ২৩ মার্চ ২০২৪ সকালে কোচিং শেষে অন্যান্য শিক্ষার্থীদের বিদায় দিয়ে ভুক্তভোগীকে আলাদা করে রেখে কোচিং সেন্টারের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এছাড়া বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পরবর্তীতে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে আসামি ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি পরিবারকে জানানো হয়। পরে ২৬ এপ্রিল ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খানসামা থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ মে ২০২৬ রাতে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আজকালের কন্ঠ/আর বি