৭ জুন থেকে গুচ্ছভুক্ত ইবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু | Daily AjKaler Kontho

৭ জুন থেকে গুচ্ছভুক্ত ইবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু


ইবি প্রতিনিধি প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৪:২২ অপরাহ্ন
৭ জুন থেকে গুচ্ছভুক্ত ইবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। এই ভর্তি কার্যক্রম টানা পাঁচ দিনব্যাপী চলে আগামী ১১ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

রবিবার (৩ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি এবং ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ভর্তি প্রক্রিয়াকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধবভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়, ভর্তি কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতা, অনিয়ম বা ভোগান্তির সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ভর্তি কার্যক্রমের সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ সম্পাদন বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত। যেহেতু ভর্তি পরীক্ষা ইতোমধ্যে একটি অনুকূল ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে, তাই ভর্তি প্রক্রিয়াটিও একই মান বজায় রেখে নির্বিঘ্নভাবে সম্পন্ন করা জরুরি।”

উল্লেখ্য, জিএসটি (GST) বা গুচ্ছ পদ্ধতি হলো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রবর্তিত একটি সমন্বিত ভর্তি ব্যবস্থা। এই ব্যবস্থায় একক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকেন, যার ফলে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি ও সময়ের অপচয় অনেকাংশে কমে আসে এবং পুরো প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ ও স্বচ্ছ হয়।

আজকালের কন্ঠ/আর বি