ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা: যবিপ্রবি প্রশাসনের হুঁশিয়ারি | Daily AjKaler Kontho

ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা: যবিপ্রবি প্রশাসনের হুঁশিয়ারি


ইমরান হোসেন ,যবিপ্রবি প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা: যবিপ্রবি প্রশাসনের হুঁশিয়ারি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে প্রবেশ সংক্রান্ত জারি করা নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশেষ করে সাময়িকভাবে বরখাস্তকৃত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, গত ২৩ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৬তম সভার সিদ্ধান্ত (১০৬/৪৩) অনুযায়ী পূর্বে জারি করা নির্দেশনায় বলা হয়েছিল—সাময়িকভাবে বরখাস্তকৃত কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া বরখাস্তকালীন সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান বা প্রবেশ করতে পারবে না। তবে সম্প্রতি এ নির্দেশনা অমান্যের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

এ প্রেক্ষিতে প্রশাসন পুনরায় সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করেছে। যদি কেউ এ নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া, যে সকল বরখাস্তকৃত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, তারা তদন্ত কমিটির নিকট উপস্থিত হওয়ার প্রয়োজনে সংশ্লিষ্ট অফিস আদেশের কপি সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

আজকালের কন্ঠ/আর এস