
নওগাঁর বদলগাছীতে মেয়ের পারিবারিক কলহ নিরসন করতে গিয়ে বরের স্বজনদের হামলায় প্রাণ হারিয়েছেন বাবা গৌর চন্দ্র (৪৫)। এই ঘটনায় নিহতের ছেলে পলাশও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নিহতের মেয়ের ননদ ও বোনকে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছী থানার আধাইপুর উপরপাড়া গ্রামের মৃত ওমিনি চন্দ্রের ছেলে গৌর চন্দ্রের মেয়ে রাখি রানীর সাথে প্রায় ৬-৭ বছর আগে বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামের তশুরামের ছেলে উত্তম কুমারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাখি তার শ্বশুরবাড়িতেই থাকতেন, তবে তার স্বামী উত্তম কুমার কাজের সুবাদে ঢাকায় অবস্থান করেন।
অভিযোগ রয়েছে, উত্তম কুমারের অনুপস্থিতিতে তার বাবা তশুরাম (৭০), ভাই উৎপল (৪২), বোন পুষ্পা (২০) ও মনা রানী (৪০) এবং মনার স্বামী কার্তিক (৪৫) যোগসাজশ করে প্রায়ই রাখিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল রাখিকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সারারাত তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি।
সংবাদ পেয়ে আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে রাখির বাবা গৌর চন্দ্র, ভাই পলাশসহ ৪-৫ জন সদস্য রাখির শ্বশুরবাড়িতে যান বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করতে। আলোচনা চলাকালে শ্বশুর তশুরাম, ভাশুর উৎপল ও ননদরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্র ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
প্রাণভয়ে গৌর চন্দ্র দৌড়ে প্রতিবেশী মানিকের বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার ছেলে পলাশও হামলায় আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করে। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন : (১). মনা রানী (৪০), পিতা- তশুরাম। (২). পুষ্পা রানী (২৫), পিতা- তশুরাম।
বদলগাছী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :