
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য দেখিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পৃথক দুটি অভিযানে মোট ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর দিকনির্দেশনায় ডিবি পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন বেরিবাধ থানাঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাদ্দাম হোসেন ওরফে সাদেক (২৭), পিতা- দুলাল হোসেন, মাতা- ফরিদা বেগম, সাং বেরিবাধ থানাঘাট বস্তি;
মোঃ রসুল মিয়া (২৬), পিতা- গোলাপ হোসেন ফকির, মাতা- ফলেছা খাতুন, স্থায়ী ঠিকানা কন্দর্পপুর, বর্তমানে বেরিবাধ থানাঘাটে বসবাসরত;
মোঃ মুন্না মিয়া (২৬), পিতা- মুনসুর মিয়া, মাতা- বেলী বেগম, সাং বেরিবাধ থানাঘাট বস্তি, কোতোয়ালী, ময়মনসিংহ।
তাদের মধ্যে সাদ্দাম হোসেন ওরফে সাদেকের বিরুদ্ধে পূর্বে ১০টি মামলা রয়েছে, যা তার দীর্ঘদিনের অপরাধ সংশ্লিষ্টতার প্রমাণ বহন করে। এছাড়া রসুল মিয়া ও মুন্না মিয়ার বিরুদ্ধেও পৃথকভাবে ১টি করে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে, একই রাতে ডিবি পুলিশের আরেকটি দল নগরীর কৃষ্টপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে পরিচালিত এ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আকবর হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার পিতা মৃত আক্তার হোসেন এবং তিনি কৃষ্টপুর দৌলতমুন্সি বাইলেন এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, ময়মনসিংহ জেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ডিবি পুলিশের এমন সফল অভিযানে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মনে করছে, আইন-শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক কঠোর অবস্থান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :