রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ | Daily AjKaler Kontho

রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ


আহমদ বিলাল খান , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ২:২৬ অপরাহ্ন
রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একমাত্র নারী প্রার্থী জুঁই চাকমা অভিযোগ করেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা চলছে। তিনি বলেন, ইতোমধ্যে তার নির্বাচনী ব্যানার সুবলং লঞ্চঘাটের যাত্রী ছাউনি, জীবতলী ইউনিয়নের হাজার মানিক নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও হাজাছড়ি হেডম্যানপাড়া যাত্রী ছাউনির সামনে থেকে ছিঁড়ে ফেলা হয়েছে, যা ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা শহরের কোর্ট বিল্ডিংয়ে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিভিন্ন উপজেলায় একাধিক ঘটনায় আচরণবিধি লঙ্ঘন দেখা গেছে। পার্থী বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেজন্য সংশ্লিষ্টন্দের কাছে আমার আহ্বান।

তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে ভোটকেন্দ্রের গণনা বিবরণী (ফরম-১৬) প্রার্থীদের সরবরাহ করা, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা এবং এ ধরনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জুঁই চাকমা বলেন, মানুষ আমাদের সাদরে গ্রহণ করেছে। নারীরা আমাকে বুকে জড়িয়ে ধরেছেন। নির্বাচনে জয়ী হই বা না হই, জনগণের সঙ্গে আমার সম্পর্ক অব্যাহত থাকবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য প্রকাশ চৌধুরী বড়ুয়া, নিখিল চাকমা, অরুনজিতা চাকমা প্রমুখ।

আজকালের কন্ঠ/আর এস/বি