বাবার ওয়ারিশি সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে বোনদের সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

বাবার ওয়ারিশি সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে বোনদের সংবাদ সম্মেলন


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
বাবার ওয়ারিশি সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে বোনদের সংবাদ সম্মেলন

বাবার ওয়ারিশি সম্পত্তি আত্মসাৎ ও বোনদের ন্যায্য অংশ বুঝিয়ে না দেওয়ার অভিযোগে বড় ভাই আঃ মোতালেব শরীফের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন তিন বোন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় কুয়াকাটা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোসা. জাহানারা।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই বোন মোসা. শাহিনুর ও মোসা. শাহিদা। তারা সবাই মৃত রজ্জব আলী শরীফ ও মৃত মোসা. আছিয়া বেগমের কন্যা এবং কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

লিখিত বক্তব্যে তারা জানান, পিতার মৃত্যুর পর দীর্ঘ ২৫ বছরের বেশি সময় পার হলেও বড় ভাই এম. এ. মোতালেব শরীফ তাদের ওয়ারিশি জমির ন্যায্য অংশ বুঝিয়ে দেননি। মৌখিকভাবে জমি বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা বাস্তবায়ন করা হয়নি।

তারা আরও জানান, এস.এ. জরিপ অনুযায়ী লতাচাপলী মৌজার এবং বি.এস. জরিপ অনুযায়ী কুয়াকাটা মৌজায় অবস্থিত একাধিক দাগের জমিতে তারা আইনগত ওয়ারিশ। কিন্তু গোপনে তাদের না জানিয়ে বড় ভাই ও অন্যান্য ভাইয়েরা একতরফাভাবে জমির বণ্টন ডিগ্রি সম্পন্ন করেন এবং সেখানে ঘর নির্মাণ শুরু করেন।

এই বিষয়টি জানতে পেরে গত ৩ ফেব্রুয়ারি ঘর নির্মাণে বাধা দিলে বড় ভাই তাদের জানান, অন্য একটি খতিয়ান থেকে জমি দেওয়া হবে—যাতে তারা সম্মত হননি। পরে ৫ ফেব্রুয়ারি মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ৬ ফেব্রুয়ারি উক্ত জমিতে দখলে গেলে পুলিশ এনে তাদের হয়রানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তারা।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বিষয়টি থানায় মীমাংসার কথা বলেন। নির্ধারিত সময়ে তারা থানায় উপস্থিত হলেও বড় ভাই প্রথমে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এবং পরে থানায় যান। ওসি উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে নির্বাচনী ব্যস্ততার কারণে আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

তারা অভিযোগ করেন, বড় ভাই সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুয়াকাটা পৌরসভার এক জামায়াত নেতা মো. শাহবুদ্দিন ফরাজীর নাম জড়িয়ে জমি দখলের মিথ্যা অভিযোগ তুলেছেন। প্রকৃতপক্ষে শাহাবুদ্দিন ফরাজী তাদেরই পরিবারের সদস্য ও ভাগিনা এবং ঘটনার সময় সেখানে পরিবারের আরও ১০-১২ জন সদস্য উপস্থিত ছিলেন।

বোনেরা দাবি করেন, রাজনৈতিকভাবে কাউকে হেয় প্রতিপন্ন করা এবং একটি দলকে বিতর্কিত করার উদ্দেশ্যেই এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তাদের ন্যায্য ওয়ারিশি সম্পত্তির সুষ্ঠু ও আইনসম্মত সমাধান দাবি করেন।

এ বিষয়ে আব্দুল মোতালেব শরীফ বলেন, তিনি তার বোনদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন। এরপরও যদি তাদের কোনো দাবি বা আপত্তি থাকে, তবে আলোচনার মাধ্যমে বসে তা সমাধান করতে সম্মত আছেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি