
কুমিল্লা দেবিদ্বারে অটোরিকশাসহ নিখোঁজের ১১ দিন পর আলাউদ্দিন (৩৫) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আলাউদ্দিন দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা ও সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১১ দিন আগে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আলাউদ্দিন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে ফিরে পেতে তার তিন শিশু সন্তান, অন্ধ পিতা ও পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি।
অবশেষে গতকাল সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল উপজেলার একটি নির্জন এলাকা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে নিখোঁজ অটোরিকশাটির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। তিন শিশু সন্তান ও অন্ধ পিতার আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
বাঙ্গরা বাজার থানা পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত আলাউদ্দিনের স্বজন ও এলাকাবাসী।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :