লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩ | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন পরিবারের আরও তিন সদস্য। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক পর্যায়ে দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ঘরের ভেতর ছড়িয়ে পড়ায় পরিবারটির সদস্যরা বের হতে না পেরে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত নাশকতা। তিনি দ্রুত দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আজকালের কন্ঠ/আর বি