দুমকিতে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত | Daily AjKaler Kontho

দুমকিতে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
দুমকিতে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

তিন দফা দাবিপূরণের দাবিতে পটুয়াখালীর দুমকীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গত ২৭ নভেম্বর শুরু হওয়া এ কর্মবিরতি মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্তও চলমান রয়েছে।

এদিকে ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা বিকল্প উপায়ে পরীক্ষা পরিচালনা করছেন। কোথাও কোথাও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সহায়তাও নেওয়া হচ্ছে।

মঙ্গলবার সরেজমিনে দেবীরচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের ১২ জন সহকারী শিক্ষক লাইব্রেরিতে বসে কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম এবং একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইসলামী শিক্ষার মৌখিক পরীক্ষা নিচ্ছেন।

দুমকীর আপতুন্নেছা খাতুন একে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, সোমবার তাদের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয় পরিদর্শনে আসার পর প্রধান শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সহকারী শিক্ষক জামাল হোসেন বলেন, “সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি—এই তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন জানান, দুমকীর ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের নেতৃত্বে বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর এস/আর