পূর্বধলা ডিগ্রী কলেজ বিশেষ ক্লাসে বদলে যাচ্ছে শিক্ষার আলো | Daily AjKaler Kontho

পূর্বধলা ডিগ্রী কলেজ বিশেষ ক্লাসে বদলে যাচ্ছে শিক্ষার আলো


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
পূর্বধলা ডিগ্রী কলেজ বিশেষ ক্লাসে বদলে যাচ্ছে শিক্ষার আলো

নেত্রকোনার পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিশেষ ক্লাস পরিচালনার মাধ্যমে এক আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলছেন শিক্ষক-শিক্ষিকারা। দক্ষ, আন্তরিক ও শিক্ষা–মনস্ক এ শিক্ষকেরাই আজ কলেজটিকে এলাকায় “আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠান” হিসেবে পরিচিত করেছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ারোল হক ( রতন) বলেন, পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজ কে ময়মনসিংহ অঞ্চলের মধ্যে সর্বোচ্চ মানে উন্নত করতে যা যা প্রয়োজন,আমরা তাই করবো। প্রতি তিন মাস পর পর অভিভাবকদের নিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও অগ্রগতি নিয়ে বিশেষ সভা নিয়মিত করা হবে।

ঐতিহাসিক” রাজধলা, বিলের পাড়ে মনোরম পরিবেশের ওপর ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজটি দীর্ঘ সংগ্রাম ও গুণগত শিক্ষার ধারাবাহিকতায় ২০১৮ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজটিতে ৬০ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। চার হাজারেরও বেশি শিক্ষার্থীকে পাঠদান করছেন নিষ্ঠা ও দায়িত্বশীলতায়।

বহুতল একাডেমিক ভবন, আধুনিক ও পরিপাটি শ্রেণিকক্ষ, প্রশস্ত খেলার মাঠ, আলাদা কম্পিউটার ল্যাব—সব মিলিয়ে শিক্ষার্থীরা মনোযোগী হয়ে পড়ালেখা করতে পারে, যা তাদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে সহায়তা করছে।

তবে কিছু সমস্যা এখনও রয়েই গেছে। আবাসিক হল বা যাত্রী হোস্টেলের অভাব শিক্ষার্থীদের বড় একটি চ্যালেঞ্জ। তবুও কলেজের শিক্ষকরা নির্ধারিত ক্লাসের বাইরেও ইংরেজি ও আইসিটি বিষয়ে বিনামূল্যে অতিরিক্ত ক্লাস নিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন।

কলেজ কর্তৃপক্ষের প্রত্যয়—এই শিক্ষাপ্রতিষ্ঠানকে শুধু ডিগ্রি কলেজ নয়, বরং “আলোকিত মানুষ গড়ার কেন্দ্র” হিসেবে আরও এগিয়ে নেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।

আজকালের কন্ঠ/আর বি