
অদ্য ২৩ নভেম্বর ২০২৫ খ্রি. রোজ রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগের উদ্যোগে আয়োজিত “সতেজকরণ প্রশিক্ষণ কোর্স-২০২৫-২০২৬” এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসহকারী পরিচালক জনাব আতিকুর রহমান, বিএফএম, যিনি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, পিএফএম। তিনি বলেন, “দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ফায়ারফাইটারদের দক্ষতা আপডেট রাখা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ কোর্স সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এমটিও শাখা) উপসহকারী পরিচালক জনাব কামরুল হাসান। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফায়ার সার্ভিসের সদস্যদের প্রধান শক্তি। এ ধরনের প্রশিক্ষণ সেই দক্ষতা আরও সমৃদ্ধ করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ফায়ার সার্ভিসের আধুনিক রেসকিউ পদ্ধতি, অগ্নিকাণ্ড প্রতিরোধ কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা আরও উল্লেখ করেন যে, এই সতেজকরণ কোর্স ফায়ার সার্ভিসের মাঠ পর্যায়ের সদস্যদের বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করবে, যা ভবিষ্যতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিভাগীয় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে অনুষ্ঠানে প্রফুল্ল পরিবেশ তৈরি হয়।উদ্বোধনী অনুষ্ঠানের সফল সঞ্চালনা করেন ফায়ারফাইটার জনাব শাহজাহান মিয়া, পিএফএম।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :