
নাটোরের গুরুদাসপুর থেকে শুরু হলো প্রথম ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কার্যক্রম। শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে সারাদেশের নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি’ প্রকল্পের পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদসহ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো আমাদের সম্পদ। সবার সম্মলিত সহযোগিতায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হবে। স্কুল ফিডিং কার্যক্রমে কোনও অনিয়ম হলে সবাইকে সবর হওয়ার আহবানও জানান তিনি।
জানা যায়, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ স্কুল কর্ম দিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর এস/জে
আপনার মতামত লিখুন :