মেয়র হওয়ার পর প্রথম সফরে গিয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি | Daily AjKaler Kontho

মেয়র হওয়ার পর প্রথম সফরে গিয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
মেয়র হওয়ার পর প্রথম সফরে গিয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার যুক্তরাষ্ট্রের অধীনস্থ ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন। তিনি রাজধানী সান জুয়ানের একটি মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন।

মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। খুতবার পর ৩৪ বছর বয়সি এই নেতা সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তাকে মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায়।

জোহরান মামদানি মাত্র দুই দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এই নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা শহরের ইতিহাসে রেকর্ড।

বৃহস্পতিবার তিনি পুয়ের্তো রিকো সফরে যান বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ অংশ নিতে। সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টরা একত্রিত হন।