গাইবান্ধার চর অঞ্চলে কাশফুলের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে | Daily AjKaler Kontho

গাইবান্ধার চর অঞ্চলে কাশফুলের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
গাইবান্ধার চর অঞ্চলে কাশফুলের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে

গাইবান্ধা প্রতিনিধি : এসেছে শরৎ। তাইতো কাশফুল ফোটে মুগ্ধতা ছড়িয়েছে প্রাণ প্রকৃতিতে। শরৎ মানেই স্নিগ্ধতা। ষড়ঋতুর এ দেশে ভাদ্র-অশ্বিন দুই মাস জুড়ে থাকে শরৎকাল।

এ সময় চর-দ্বীপচরে গ্রাম,গঞ্জের আনাচে-কানাচে, শহরের রাস্তার ধারে দেখা মেলে কাশফুলের।

নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে প্রকৃতিতে আগমন ঘটে শুভ্র শরতের। কখনো রোদ, কখনো বৃষ্টি আবার কখনো বা মেঘলা আকাশ। মেঘ-রৌদ্রের লুকোচুরির মাঝে প্রকৃতিতে যেন এক নৈসর্গিক মুগ্ধতা ছড়িয়ে দেয় শরৎ। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে শরৎকালের সেই মাধুর্য এখন আর তেমন খুঁজে পায় না মানুষ।

তাই তো ইট-পাথরের শহর থেকে একটু দূরে গাইবান্ধার ব্রহ্মপুত্রের নদী কাপাসিয়া ইউনিয়নের রাজার চরে শোভা ছড়াচ্ছে শরতের কাশফুল।

শুধু ব্রহ্মপুত্রের চর-দ্বীপচরে নয়, কাশফুলে ছেয়ে গেছে গাইবান্ধার ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, করতোয়া, ঘাঘট, মানস, আলাই ও বাঙালি নদীর দুই ধারে। বিশাল চরাঞ্চল জুড়ে সবুজের বুকে ফুটেছে কাশফুল। নীল আকাশে সাদা মেঘের সঙ্গে নদীপাড়ে শুভ্র কাশফুলের মেলবন্ধন কাছে টানে প্রকৃতিপ্রেমীদের।

আর তাই শরৎসঙ্গী কাশফুলের নরম ছোঁয়া নিতে এখানে প্রিয়জনদের সঙ্গে নিয়ে বেড়াতে আসেন সৌন্দর্য-পিপাসুরা।

আজকালের কন্ঠ/আর বি