দুমকিতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে | Daily AjKaler Kontho

দুমকিতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১:৪২ অপরাহ্ন
দুমকিতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:  আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পটুয়াখালীর দুমকি উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার পাঁচ ইউনিয়নের নয়টি মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুমকিতে মোট ১১টি সার্বজনীন পূজা মন্দির থাকলেও অর্থ সংকটের কারণে এ বছর দু’টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে না। এর মধ্যে মুরাদিয়া ইউনিয়নে সর্বাধিক পাঁচটি মন্দিরে পূজা হবে। পাশাপাশি শ্রীরামপুর, আঙ্গারিয়া, লেবুখালী ও পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন মন্দিরেও উৎসবের প্রস্তুতি চলছে।

কারিগররা জানিয়েছেন, প্রতিমা তৈরির খরচ এ বছর কিছুটা বেড়েছে। প্রতিমা তৈরির জন্য একেকটি মণ্ডপে ৪৫ থেকে ৮৫ হাজার টাকায় চুক্তি হচ্ছে। শ্রমিক সংকট ও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে ব্যয় বাড়লেও কর্মব্যস্ততায় এখন কারিগরদের দিন কাটছে।

এদিকে পূজামণ্ডপগুলোতে প্রতিমার ফিনিশিং কাজের পাশাপাশি তোরণ নির্মাণ, প্যান্ডেল তৈরি, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম বসানোর কাজও জোরেশোরে চলছে। ফলে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজারী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

আজকালের কন্ঠ/আর এস/আর