জাককানইবিতে রোটারেক্ট ক্লাবের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইনমূলক সেমিনার অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জাককানইবিতে রোটারেক্ট ক্লাবের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইনমূলক সেমিনার অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১:১৭ অপরাহ্ন
জাককানইবিতে রোটারেক্ট ক্লাবের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইনমূলক সেমিনার অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাবের আয়োজনে এবং বিকাশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার গাইডলাইনমূলক সেমিনার “রোডম্যাপ টু সাক্সেস”।আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের কনফারেন্স কক্ষে ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব হোসাইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন এবং প্রধান বক্তা ছিলেন বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের ক্লাস্টার হেড মো: খালিদ হোসাইন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিকাশের কমার্শিয়াল বিভাগের রেজিওনাল অফিসার এম.এম. হাসান মাহমুদ ও অন্যান্য কর্মকর্তারা।
প্রধান বক্তা মো: খালিদ হোসাইন তার কর্মজীবন ও বিকাশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বাস্তবধর্মী দিকনির্দেশনা দেন। তিনি সিভি তৈরির সময় সচরাচর করা ভুলগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন এবং আত্মবিশ্বাসী হয়ে নিজেকে উপস্থাপনের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইন্টারভিউ বোর্ডে সফল হওয়ার কৌশল, স্পিকিং স্কিল উন্নয়ন এবং কো-কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন কার্যক্রম আরও বেশি হওয়া প্রয়োজন। যেসব উদ্যোগ সত্যিই শিক্ষার্থীদের উপকারে আসবে, সেগুলোর সংখ্যা বাড়াতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: মাহবুবুর রহমান জনি, সহকারী প্রক্টর মো: তরিকুল ইসলাম জনি, রোটারেক্ট ক্লাবের এডভাইজারবৃন্দ, প্রাক্তন সদস্য এবং বর্তমান সকল পর্যায়ের সদস্যবৃন্দসহ প্রায় ২৫০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট মো: মুকিতুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
আজকালের কন্ঠ /আর এস/এস