
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ইকরামুল হক সাজিদকে স্মরণ করে “শহীদ সাজিদ স্পোর্টস টুর্নামেন্ট ও ঐক্য সফর ২০২৫” এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান রুমি।
শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
“ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি”—এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্রাদারহুড আয়োজিত এ টুর্নামেন্টে পুরুষ শিক্ষার্থীদের জন্য ফুটবল প্রতিযোগিতা, নারী শিক্ষার্থীদের জন্য চেয়ার সিটিং প্রতিযোগিতা এবং সবার জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দিনশেষে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষম্যহীন ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে এক আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক যুগ্ম সম্পাদক জাফর মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক ইমরান মোল্লা।
আয়োজক মোঃ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “শহীদ ইকরামুল হক সাজিদ আমাদের গর্ব, সাহস ও দৃঢ়তার প্রতীক। তার আত্মত্যাগ ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে। তিনি যে বৈষম্যহীন, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, আমরা তা বাস্তবায়নে জীবন দিয়েও সংগ্রাম চালিয়ে যাবো।”
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয় এবং শহীদ সাজিদের স্মৃতিকে বুকে ধারণ করে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :