
ব্যুরো চীফ ময়মনসিংহ : আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বুধবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, আনসার বাহিনী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব এখন শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সহযোগিতায় আনন্দমুখর ও সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিসসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :