
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুন:রুদ্ধারের যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে থাকা সমমনা জোট ও দলের সাথে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টি’র লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিস্তৃত আলোচনা হয়, যা জাতীয় স্বার্থে একটি ইতিবাচক অগ্রযাত্রার দ্বার উন্মোচন করেছে। এই অর্থবহ ও ফলপ্রসূ আলোচনায় জাতীয়তাবাদী সমমনা জোট গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
আজকালের কন্ঠ/রাহাত/ইমরান
আপনার মতামত লিখুন :