
শিহাবুল ইসলাম শাহেদ, নবি প্রতিনিধি : জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও লাল কার্ড হাতে নিয়ে এ প্রতীকী কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জাতিসংঘ কমিশনের বিরুদ্ধে সরব হন এবং বাংলাদেশে এর কার্যক্রম বাতিলের আহ্বান জানান।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “স্বতন্ত্রভাবে আমরা কখনো দেশ পরিচালনা করতে পারিনি, কোনো না কোনো দেশের দালালি করতে হয়েছে—একবার দিল্লি, আবার কখনো যুক্তরাষ্ট্র। এবার জাতিসংঘের নামে আমাদের সার্বভৌমত্ব হরণ করতে চায়।”
তাঁদের ভাষ্যমতে, “বর্তমান সরকার অনেক ক্ষেত্রেই জনমত উপেক্ষা করে দেশ পরিচালনা করছে। মানবাধিকার কমিশনের বিরোধিতা করায় সরকারের পক্ষ থেকে ভিত্তিহীন জঙ্গিবাদের অভিযোগ এনে সাধারণ মানুষকে দমন করার চেষ্টা চলছে।”
একজন শিক্ষার্থী বলেন, “জাতিসংঘ কমিশন যদি কার্যকর হতো, তাহলে ফিলিস্তিনে এই মাত্রার গণহত্যা ঠেকানো সম্ভব হতো। সেখানে তাদের নীরবতা প্রমাণ করে যে এই কমিশন কতটা ব্যর্থ।”
সমাবেশে শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল
* Human Rights Shouldn’t Have Double Standards
* গোলামী না মুক্তি, মুক্তি মুক্তি
* গাজায় যখন মানুষ মরে, জাতিসংঘ কি করে?
* কমিশন না সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব সার্বভৌমত্ব
* জাতিসংঘের চুক্তি, মূল্যবোধের হুমকি
* গাজায় ঝরে রক্তধারা, জাতিসংঘ দেয় না সাড়া
শিক্ষার্থীরা বলেন, জাতিসংঘের এমন ভূমিকা মুসলিম বিশ্বের ওপর চাপ সৃষ্টি করে এবং বাংলাদেশের স্বাধীন মত প্রকাশ ও স্বার্থ রক্ষায় হুমকি স্বরূপ। তাই তারা এই কমিশনের কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/রাহাত/শিহাবুল
আপনার মতামত লিখুন :