কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান | Daily AjKaler Kontho

কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
শিহাবুল ইসলাম শাহেদ, নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা, ক্রেস্ট, সনদপত্র ও রজনীগন্ধা ফুল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান পরিচালনা কমিটি আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা শিগগিরই স্কুলকে নতুন নির্মিত ভবনে স্থানান্তর করব ইনশাল্লাহ। এই বৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষিকা ও অভিভাবকদেরও ধন্যবাদ জানাই। তারা সঠিক শিক্ষা ও যত্ন দিয়ে শিশুদের গড়ে তুলছেন, যা ভবিষ্যতে স্কুলের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বি.কে.ডি.এ) আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নেয় মোট ২২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ জন ট্যালেন্ট এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

ট্যালেন্ট বৃত্তিপ্রাপ্তরা হলেন:

নার্সারি: মারিয়ম
প্রথম শ্রেণি: মো. মাহিব আরাফ চৌধুরী
দ্বিতীয় শ্রেণি: সিনথিয়া ইসলাম সিমি
তৃতীয় শ্রেণি: মুবাশশিরাতুল জান্নাত
পঞ্চম শ্রেণি: জারীন হাদীকা

সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলেন:
নার্সারি: মো. আরিফুল ইসলাম আদীল, জুবাইর আহমেদ রাফসান
প্রথম শ্রেণি: আহনাফ আদীব
দ্বিতীয় শ্রেণি: মাইশা জান্নাত তুশমি, মো. আরাফাত ইসলাম, এস এম লাবীব রহমান
তৃতীয় শ্রেণি: আনিকা ফারজানা, আতিকা ফারহানা
চতুর্থ শ্রেণি: তাসফিয়া হাসান ত্বোয়া

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) বলেন, এই অর্জন স্কুলের জন্য গর্বের এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. লুপা খাতুন। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/রাহাত/শিহাবুল