
জাবি প্রতিনিধি : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে পূর্বঘোষিত অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন স্থগিত করা হয়েছে।
সোমবার (২১ জুলাই ) বিশ্ববিদ্যলয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।
শোক বার্তায় উপাচার্য বলেন, ‘এই দুর্ঘটনায় পাইলট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ যারা প্রাণ হারিয়েছেন তা খুব বেদনার ও দুঃখের। এই ক্ষতি অপূরণীয়।’
উপাচার্য শোকসন্তপ্ত সকল পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) সরকার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত জুলাই গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি অনুষ্ঠানের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধনসহ সকল কর্মসূচি স্থগিত থাকবে।
এছাড়াও আগামীকাল সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস পালন নিমিত্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে তবে পূর্বনির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। নিহত ও আহতদের জন্য বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
আজকালের কন্ঠ/রাহাত/ইমন
আপনার মতামত লিখুন :