বিইউপি ফোক অ্যান্ড কালচারাল ফেস্টে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের গৌরবময় সাফল্য | Daily AjKaler Kontho

বিইউপি ফোক অ্যান্ড কালচারাল ফেস্টে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের গৌরবময় সাফল্য


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
বিইউপি ফোক অ্যান্ড কালচারাল ফেস্টে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের গৌরবময় সাফল্য

জাবি প্রতিনিধি : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) কালচারাল ফোরাম আয়োজিত তিন দিনব্যাপী “BUP Folk & Cultural Fest 2025”-এ নাটক, পল্লীগীতি ও চিত্রাঙ্কন বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ৮ জুলাই অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এবারের প্রতিযোগিতায় পল্লীগীতি (ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি), নাটক, চিত্রাঙ্কন, আবৃত্তি, লোকনৃত্য, নজরুলসংগীত ও রবীন্দ্রসংগীতসহ নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) প্রতিনিধিত্ব করে অংশ নেয় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের জোটভুক্ত সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত একটি দল।

পল্লীগীতি পর্বে ১৪টি দলের মধ্যে “প্রথম রানার আপ”, নাট্য পর্বে “প্রথম রানার আপ” এবং চিত্রাঙ্কন পর্বে ১৬টি দলের মধ্যে “সেকেন্ড রানার আপ” হওয়ার গৌরব অর্জন করে জাবি শিক্ষার্থীরা।

আয়োজক কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে লোকসংস্কৃতিনির্ভর অন্তত তিনটি বিভাগে অংশ নিতে হয়। প্রতিযোগিতায় শুধুমাত্র আনপ্লাগড বাদ্যযন্ত্র ব্যবহার করা যায় এবং বাংলা ভাষার ব্যবহার ছিল বাধ্যতামূলক। প্রতিযোগিতার সময়সূচি ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদমান অলীভ বলেন, “জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সবসময়ই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারই ধারাবাহিকতায় BUP Folk & Cultural Fest 2025-এ এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। অংশগ্রহণকারী সংগঠনগুলোর কর্মীদের অভিনন্দন এবং যারা সামনে ও পেছনে থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও সক্রিয় সহায়তা পেলে আমরা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরেও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারব।”

আজকালের কন্ঠ/আর বি/ই