পটুয়াখালীতে রথযাত্রা উৎসব শুরু : কুয়াকাটার উপকূল জুড়ে উৎসবমুখর পরিবেশ | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে রথযাত্রা উৎসব শুরু : কুয়াকাটার উপকূল জুড়ে উৎসবমুখর পরিবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
পটুয়াখালীতে রথযাত্রা উৎসব শুরু : কুয়াকাটার উপকূল জুড়ে উৎসবমুখর পরিবেশ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটাসহ জেলার বিভিন্ন এলাকায় ধর্মীয় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। শুক্রবার সকাল ৯টায় জেলার বিভিন্ন মন্দিরে দর্শন, আরতী ও বাল্যভোগের মধ্য দিয়ে এই মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে ধর্মীয় বিধি-বিধান অনুসরণ করে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও শুভদ্রা দেবীর শীবিগ্রহ রথে তুলে আনা হয়। এ সময় মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে কাঁসরের ধ্বনি, উলুধ্বনি, ঢাক-ঢোল ও শঙ্খধ্বনিতে। ভক্ত-অনুসারীরা পুণ্য লাভের আশায় রথের দড়ি টেনে রথযাত্রায় অংশ নেন।

বিকেলে বিভিন্ন মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যাতে শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সকলেই অংশ নিবে ধর্মীয় আবেগে উদ্বেল হয়ে। শোভাযাত্রায় রঙিন ব্যানার, প্রতীক রথ, পল্লীগীতি ও ভক্তিগীতির সুরে মুখরিত হয়ে উঠেবে শহরের বিভিন্ন সড়ক বলে জানান আয়োজকরা।

উৎসব উপলক্ষে মন্দিরগুলোতে নানা ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও ভক্তদের জন্য বিশেষ ভোজনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের এক গুরুত্বপূর্ণ উৎসব। প্রতিবছর আষাঢ় মাসে এটি পালন করা হয়। এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় ঐক্য জোরদারে বিশেষ ভূমিকা রাখে।

আজকালের কন্ঠ/রাহাত/মিজান