কুয়াকাটায় লেইস প্রশিক্ষণার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা | Daily AjKaler Kontho

কুয়াকাটায় লেইস প্রশিক্ষণার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৩:২২ অপরাহ্ন
কুয়াকাটায় লেইস প্রশিক্ষণার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে মিলিত হয়েছেন খুলনা ও যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে আগত প্রায় ৮০ জন লেইস প্রশিক্ষণার্থী নবীন শিক্ষক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় ৫৬ দিনের প্রশিক্ষণের অংশ হিসেবে এ দুইদিনব্যাপী শিক্ষা সফরের আয়োজন করা হয়।

শনিবার (১৪ জুন) খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে সফরটি শুরু হয়। এতে অংশগ্রহণ করেন ৪০ জন প্রশিক্ষণার্থী শিক্ষক এবং ৪ জন প্রশিক্ষক। নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌফিক আহমেদ। সঙ্গে ছিলেন অধ্যাপক মো. সুজাউদ্দোলাহ, সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান, মো. হাফিজুর রহমান খান ও সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহ। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও নড়াইল জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নবীন শিক্ষকরা এতে অংশ নেন।

সফরের অভিজ্ঞতা জানিয়ে নাজিরপুর গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কমলেন্দু গুপ্ত বলেন, “খুলনা ও যশোর টিচার্স ট্রেনিং কলেজের দুইটি গ্রুপ একত্রিত হয়ে কুয়াকাটায় এসেছি। এখানে গ্রুপ ছবি, সমুদ্র স্নান, দর্শনীয় স্থান ভ্রমণ, র‍্যাফেল ড্র, কেনাকাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছি।”

গভ. ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা যুবায়ের আলম বলেন, “রাতভর সৈকতে নাচ-গান করে কাটিয়েছি। একটুও ঘুমাইনি, সত্যিই স্মরণীয় সময় ছিল।”

কোর্স কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান বলেন, “মাধ্যমিক স্তরে নতুন যোগদানকৃত শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে ৫৬ দিনের লেইস প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর। পর্যায়ক্রমে সব নবীন শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।”