জবি ও গ্রামীণ ইউগলেনার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর | Daily AjKaler Kontho

জবি ও গ্রামীণ ইউগলেনার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
জবি ও গ্রামীণ ইউগলেনার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জবি প্রতিনিধি : গবেষণা, উন্নয়ন ও প্রশিক্ষণ সহযোগিতায় একসঙ্গে কাজ করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং গ্রামীণ ইউগলেনার সহযোগী প্রতিষ্ঠান ইউগলেনা জিজি-লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং ইউগলেনা জিজি-লিমিটেডের পক্ষে সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা শিওরি ওনিশি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, ।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “এই চুক্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও পরিবেশগত উন্নয়নে সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হলো। আমাদের শিক্ষার্থীরা আধুনিক কৃষি ও পরিবেশগত প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।”

সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান জিআইএস (GIS), রিমোট সেন্সিং, জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং সামাজিক গবেষণা ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রমের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের ব্যবহারিক দক্ষতা ও পেশাগত উন্নয়নে সহায়ক হবে।

এই চুক্তি আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক বিস্তারে সহায়ক হবে, বিশেষত জাপানের ইউগলেনা কোম্পানির সঙ্গে সংযোগের মাধ্যমে আন্তঃবিষয়ক গবেষণার সুযোগ আরও প্রসারিত হবে। সমঝোতা স্মারকের মেয়াদ প্রাথমিকভাবে দুই বছর নির্ধারিত হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণ ইউগলেনার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অপারেশন প্রধান মোঃ নাজমুস সাদাত এবং ডেপুটি ম্যানেজার মোকশিমুল ফাহিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের।