জবি কেন্দ্রে অনুষ্ঠিত হলো রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা | Daily AjKaler Kontho

জবি কেন্দ্রে অনুষ্ঠিত হলো রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন
জবি কেন্দ্রে অনুষ্ঠিত হলো রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

জবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মানবিক অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত সারাদেশের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারে ‘এ’ ইউনিটে মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ১৬২ জন, যেখানে আসন রয়েছে মাত্র ১ হাজার ৮৭২টি। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৫১ জন পরীক্ষার্থী।

‘এ’ ইউনিটের আওতাধীন রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এর মধ্যে কলা অনুষদে ৮৮৬টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৫৬টি, আইন অনুষদে ১৬০টি, চারুকলা অনুষদে ১২০টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০টি আসন রয়েছে।

প্রথমবারের মতো রাজধানী ঢাকা ছাড়াও দেশের পাঁচটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর অঞ্চলের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ।