রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাক্রোঁর | Daily AjKaler Kontho

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাক্রোঁর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ নিয়ে ফ্রান্স কাজ করছে বলেও জানান তিনি। রোববার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এসব কথা জানান।

ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এ হামলার পরই পোস্টটি করেন ম্যাক্রোঁ। পোস্টে যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্যে রাশিয়ার ওপর চাপ বাড়াতে এই আহ্বান জানিয়েছেন তিনি।

ওই পোস্টে ম্যাক্রোঁ লেখেন, ‘আজ সকালে, ইউক্রেনের সুমি শহরের মধ্যস্থলে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। সবাই জানে, এ যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। এবং আজও তারা সেটি একাই চালিয়ে রাখতে চাইছে। মানবজীবনের তোয়াক্কা না করে, আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে।’

রোববার সকালে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী সুমি শহরের কেন্দ্রে রাশিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়। আহত হয়েছে শতাধিক। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে দাবি করেছে কিয়েভ।