সাময়িক বরখাস্ত হলেন রাবির ২ শিক্ষক, এক শিক্ষকের শাস্তি বাতিল | Daily AjKaler Kontho

সাময়িক বরখাস্ত হলেন রাবির ২ শিক্ষক, এক শিক্ষকের শাস্তি বাতিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ২:২২ অপরাহ্ন
সাময়িক বরখাস্ত হলেন রাবির ২ শিক্ষক, এক শিক্ষকের শাস্তি বাতিল

আজকালের কন্ঠ ডেস্ক :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া একজন শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় শাস্তি বাতিল করা হয়েছে।গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন—ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকার এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম। অন্যদিকে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় শাস্তি বাতিল হওয়া শিক্ষক হলেন—ফলিত গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. শামসুল আলম সরকার।

ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আনীত অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের আনীত যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগসমূহ সম্পর্কে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে পূর্বে গৃহীত সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলিত গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. শামসুল আলম সরকারের প্রসঙ্গে ৪৬১তম সিন্ডিকেট সভার ১৩৭ নম্বর সিদ্ধান্তের বিষয়ে গঠিত রিভিউ কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সিন্ডিকেটের ওই সিদ্ধান্ত বাতিল করে তার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। প্রফেসর মো. শামসুল আলম সরকার কূটকৌশলের কারণে বিনা অপরাধে সাজা ভোগ করেছেন তা প্রমাণিত হওয়ায় একই বিভাগের শিক্ষক ড. আব্দুল হক, ড. আলী আকবর ও ড. আশরাফুজ্জামান খানকে আগামী ৫ বছর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৬তম সভায় উপরিউক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রফেসর মো. শামসুল আলম সরকার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, মানসিকভাবে বিপর্যস্ত ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সিন্ডিকেট সভা তার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।