
নিজস্ব প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম বিজয় বিতর্ক উৎসব-২০২৪(বিশ্ববিদ্যালয় পর্যায়)-এ রানারআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের “নবসূর্য-৫২”দল ।এতে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
গত শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাবির বিজয় একাত্তর হলের অডিটোরিয়ামে ফাইনালে চুয়েট ডিবেটিং ক্লাবের দলের কাছে ৩-২ ব্যালটে পরাজিত হয়ে রানারআপ হয় যবিপ্রবি ডিবেট ক্লাবের দল “নবসূর্য-৫২”।
এর আগে, পর্বের তিন রাউন্ডে বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় যবিপ্রবির বিতার্কিকরা। কোয়ার্টার এবং পরবর্তীতে সেমিফাইনাল জয় করে ফাইনালে উত্তীর্ণ হয় যবিপ্রবি ডিবেট ক্লাবের দল “নবসূর্য-৫২”।
ফাইনাল পর্বের বিতর্কের বিষয় ছিল “এই সংসদ, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে উদারপন্থী রাজনীতিকে মহিমান্বিত করায় অনুতপ্ত।” এই বিষয়ে বিরোধী দলের হয়ে বিতর্ক করেন যবিপ্রবি ডিবেট ক্লাবের ৩ জন বিতর্কিক : শাহরিয়ার কবির, আইয়ান আকিব এবং আসিফ করিম আলভি।
প্রতিযোগিতার সফলতা নিয়ে ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক এবং যবিপ্রবি ডিবেট ক্লাবের সাবেক সভাপতি শাহরিয়ার কবির বলেন,”যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা একজন শিক্ষার্থী হিসেবে এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। বিতর্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো অর্জন আনতে পারা শিক্ষার্থী হিসেবে আমার জন্য আনন্দের। আশা করি ভবিষ্যতেও আমি এবং আমার প্রিয় যবিপ্রবি ডিবেট ক্লাব বিশ্ববিদ্যালয়কে এভাবেই সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করবে।”
উল্লেখ্য, ২৬-২৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের বিতর্ক সংগঠন বিজয় একাত্তর ডিবেট ক্লাব ৫ম বারের মতো বিজয় বিতর্ক উৎসব আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগিতা প্রাথমিক তিন রাউন্ড ট্যাব পর্ব, কোয়ার্টার, সেমিফাইনাল এবং ফাইনাল পর্বে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :