ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু | Daily AjKaler Kontho

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ৭:৩১ অপরাহ্ন
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : মাদারীপুর শহরের রেন্ডিতলা এলাকার লাকি আক্তার (৩০) প্রসূতি ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের রেন্ডিতলা এলাকার মনু বেপারীর স্ত্রী লাকি আক্তারের প্রসব বেদনা উঠলে বুধবার রাতে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত ভিজিটর তাসলিমা বেগম একটি কন্যা শিশু প্রসব করান।

পরবর্তীতে রোগী লাকি বেগমকে গুরুতর অসুস্থ দাবী করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়। সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাকি আক্তার মারা যায়। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের ভিজিটর তাসলিমা বেগম রোগী লাকির নাড়িভুরি টেনে ছিড়ে ফেলেছে।

এতেই লাকি মারা গেছে। পরে এই ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মাদারীপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রে হামলা চালিয়ে দরজা, জানালা, চেয়ার, টেবিল ভাঙচুর করে। হাসপাতাল ভাঙচুরের ঘটনা শুনে মাদারীপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হাসপাতাল ভাংচুরের ঘটনা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।