উত্তাল সাগরে ট্রলারের গিয়ার ভেঙে তিনদিন ধরে ভাসছেন ১৭ জেলে | Daily AjKaler Kontho

উত্তাল সাগরে ট্রলারের গিয়ার ভেঙে তিনদিন ধরে ভাসছেন ১৭ জেলে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
উত্তাল সাগরে ট্রলারের গিয়ার ভেঙে তিনদিন ধরে ভাসছেন ১৭ জেলে

বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটার ২শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরন পয়েণ্ট থেকে দক্ষিণ এলাকায় ইঞ্জিনের গিয়ার ভেঙ্গে একটি মাছ ধরতে যাওয়া ফিশিং বোট বৈরী আবহাওয়ার মধ্যে উত্তল সাগরে ভাসছে।

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলার আব্দুস ছালামের মালিকানাধীন এফবি ‘মা’ নামের ট্রলারটি গত মঙ্গলবার থেকে ৩ দিন ধরে ১৭ জেলেসহ ভাসছে। ট্রলারে থাকা জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত শনিবার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ শিকারের যাওয়ার জন্য রসদ সামগ্রী নিয়ে রওয়ানা দেয়। এর পর গত মঙ্গলবার হঠাৎ ইঞ্জিনের গিয়ারের পিনিয়াম ভেঙ্গে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে ট্রলার মালিক আবুস ছালামকে মুঠোফোনে জানান জেলেরা এবং তাদেরকে উদ্ধারের জন্য অনুরোধ করেন তারা।

গোলাম মোস্তফা চৌধুরী আরো জানান, জেলেদের উদ্ধারের জন্য পাথরঘাটা কোস্টগার্ডকে জানানো হয়েছে এবং তারা উদ্ধার অভিযানে আছেন বলেও জানান তিনি।